ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি এক জোড় শিশুকে সোমবার অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হবে।
তৃষ্ণা এবং কৃষ্ণা নামের শিশু দুটি কিছুদিন পরই তিন বছরে পা দেবে।
অস্ত্রোপচারের জন্য 'চিলড্রেন্স ফার্স্ট ফাউন্ডেশন' এ জোড় শিশু দুটিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে শিশু দুটির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার অস্ট্রেলিয়ার 'দ্য এজ' পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রয়্যাল চিলড্রেনস হাসপাতালে ওই দুই শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব পালন করবে ১৬ সদস্যের একটি মেডিকেল টিম।
প্রতিবেদনে বলা হয়, সব কিছু ঠিক থাকলে তৃষ্ণা ও কৃষ্ণার আলাদা করতে ১২ ঘণ্টা সময় লাগবে। তবে যারা মূল কাজটি করবেন সেই চিকিৎসকরাই ঘাবড়ে আছেন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অস্ত্রোপচার শুরুর কথা রয়েছে।
হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান লিও ডোনান বলেন, "অস্ত্রোপচারের বিষয়ে এ মেডিকেল টিমের সদস্যদের মধ্যে ভীতি কাজ করছে।"
নিউরোসার্জন ইরজিনিয়া মেইক্সনার বলেন. "এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে মস্তিষ্কে কোনো আঘাত ছাড়া প্রতি চারজনে মাত্র একজনের বেঁচে থাকার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা প্রতি চারজনে একজন এবং মস্তিষ্কে ক্ষতি হওয়ার সম্ভাবনা শতকরা ৫০ শতাংশ। তবে আমি বেশ আশাবাদী।"
অস্ত্রোপচার কেমন হয়েছে তা জানার জন্য বুধবার চিকিৎসকরা স্ক্যান করবেন এবং সব কিছু যদি ঠিক তাকে তাহলে তাদেরকে নতুন জীবনে জাগিয়ে তোলা হবে।
মেইক্সনার বলেন, "তবে আমরা কোনো ঝুঁকির মধ্যে রয়েছি কিনা তা জানতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24