ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা ওয়াইম্যাক্সের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করেছে বাংলা লায়ন কমিউনিকেশন্স লিমিটেড।
বৃহস্পতিবার দ্বিতীয় অপারেটর হিসেবে বেসরকারি কোম্পানিটি এ কার্যক্রম চালু করে।
এর আগে গত ২১ অক্টোবর 'অজের ওয়ারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড' রাজধানীতে 'কিউবি' নামে প্রথমবারের মতো এই বহুল প্রতীক্ষিত সেবা চালু করে।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক টেলিকনফারেন্সের মাধ্যমে গুলশানের একটি বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলা লায়নের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বাংলালায়ন কর্তৃপক্ষ জানায়, কিছুদিনের মধ্যে রাজধানীর গ্রাহকদের অপেক্ষাকৃত কম খরচে এ সেবা দিতে পারবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ শামস, প্রধান কারিগরি কর্মকর্তা আব্দুল মান্নান, বিপণন উপদেষ্টা ওমর ফারুক ভূঁইয়া প্রমুখ।
বাংলালায়ন তারবিহীন ইন্টারনেট সেবা চালুর জন্যে ২০০৮ সালের ২৪ আগস্ট টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নেয়। নিলামে সর্বোচ্চ ২১৫ কোটি টাকা দর দেয় তারা।
র্শর্ত অনুযায়ী লাইসেন্স নেওয়ার ছয় মাসের মধ্যে বাজারে আসার কথা থাকলেও প্রতিষ্ঠানটি ১৪ মাস পরে কার্যক্রম শুরু করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এসএইচ/২২২৩ ঘ.
bdnews24