চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা হামলার হুমকির পর চট্টগ্রাম প্রেসক্লাব ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাশেদ রউফ এর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
সাংবাদিক রাশেদ রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই মোবাইল নম্বর থেকে রাত ১২টা ৩৩ মিনিটে তার ও প্রেসক্লাব সভাপতির মোবাইল ফোনে বোমা হামলার হুমকি দিয়ে এসএমএস আসে।
তিনি বলেন, "ওই মেসেজে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে প্রেসক্লাব ও আদালতে রাখা টাইম বোমা বিস্ফোরিত হবে। তবে এতে কারো নাম ছিল না।"
সাংবাদিক নেতারা বিষয়টি র্যাব ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। এরপর প্রেসক্লাব এবং আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর শোনার পর দুটি ভবনে তল্লাশি চালানো হয়। তবে কিছু পাওয়া যায়নি।"
তিনি বলেন, আদালত পাড়া ও প্রেসক্লাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
হুমকিদাতাকে সনাক্ত করার চেষ্টা চলছে বলেও বনজ কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১০ ঘ.
bdnews24