২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল থেকে ককটেল উদ্ধার, ২ শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে বৃহস্পতিবার ভোর রাতে তল্লাশি চালিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছাত্রশিবিরের দুই কর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 06:56 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে বৃহস্পতিবার ভোর রাতে তল্লাশি চালিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছাত্রশিবিরের দুই কর্মীকে। বর্ষ সমাপনী অনুষ্ঠানের নির্বাচন নিয়ে ছাত্রলীগ ও শিবির মুখোমুখি অবস্থান নেওয়ার পর হলে তল্লাশি চালানো হয় বলে হলের প্রাধ্যক্ষ বেলায়েত হোসেন জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ ও সাজ্জাদুর রহমান। শিক্ষার্থীরা জানায়, হলের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান আয়োজক কমিটির নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের দুটি প্যানেলে অংশ নেয়। বুধবার রাতে ভোট গ্রহণের পর ১২টা থেকে গণনা শুরু হয়। ওই সময় শিবির পুনর্নির্বাচন দাবি করলে দুই পক্ষে সংঘাত বাঁধে। ছাত্রলীগ নেতা-কর্মীরা অভিযোগ করেন, পরাজয় বুঝতে পেরে ছাত্রশিবির নির্বাচন ভণ্ডুলের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে হলে অবস্থান নেয়। সংঘাতের খবর পেয়ে প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া পুলিশ নিয়ে ওই হলে যান। তার নির্দেশে ভোট গণনা স্থগিত করা হয়। এরপর ভোর ৫টা পর্যন্ত হলে তল্লাশি চলে। হল থেকে দুটি ককটেল, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে জানিয়ে প্রক্টর সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হল ছাত্রলীগের নেতা ওবায়দুর রহমান, রুহুল আমিন, মেহেদী হাসান দাবি বলেন, তল্লাশি শুরু হলে শিবিরের অধিকাংশ নেতা অস্ত্র নিয়ে পালিয়ে যায়। আরিফকে মাদার বখশ হল থেকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদকে গ্রেপ্তার করা হয় সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতির কক্ষ থেকে। মাদার বখশ হল থেকে শিবিরকর্মীরা পালিয়ে সোহরাওয়ার্দী হলে আশ্রয় নিলে ওই হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়। কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের রাবি শাখার সভাপতি শামসুল আলম গোলাপ সাংবাদিকদের বলেন, "ছাত্রলীগ আমাদের দুই কর্মীর হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের পুলিশে ধরিয়ে দিয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।" মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.