ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে একজন সামরিক গোয়েন্দার প্রবেশ নিয়ে প্রকাশিত খবরকে 'অসত্য ও বিভ্রান্তিকর' বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।
বুধবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ডিজিএফআই-র এসএসআই মো. এনায়েত সরকারি দায়িত্ব পালনের জন্য মঙ্গলবার ডিবি কার্যালয়ে ঢোকেন। উদ্ধার করা চোরাই গাড়ির যন্ত্রাংশ নিয়ে প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি প্রবেশ করেন।
পরে সেখানে উপস্থিত সাংবাদিক ও ডিবি কর্মকর্তারা তার পরিচয় জানতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালন শেষে ডিবি কার্যালয় ত্যাগ করেন এনায়েত।
সরকারি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দায়িত্ব পালনের স্বার্থে অন্য একটি সরকারি সংস্থায় প্রবেশ করেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এটা একটি স্বাভাবিক ও নিয়মিত ঘটনা।"
তবে মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কাছে ওই সেনা গোয়েন্দার 'বিনা অনুমতিতে' প্রবেশের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। মো. এনায়েতকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়।
ডিজিএফআই এর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে টেলিফোনে বলেন, তাদের ওই কর্মী অনুমতি নিয়েই মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২৩৩২ঘ.
bdnews24