ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত আইনার হেবোগার্ড ইয়েনসেন বলেছেন, কোপেনহেগেনে আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ভূমিকা যেকোনো সময়ের চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, স্বাগতিক দেশ ডেনমার্ক কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন আয়োজনের প্রক্রিয়ায় বাংলাদেশকে অংশীদার হিসেবে গণ্য করে।
তিনি বলেন, কোপেনহেগেন সম্মেলনে সফল সমঝোতার পর বাংলাদেশ আরো বেশী জলবায়ু অভিযোজন তহবিল পাবে।
ডেনিশ দূত বলেন, "জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন আলোচনায় ইতোপূর্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার কোপেনহেগেন সম্মেলনে বাংলাদেশের কণ্ঠস্বর আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ।"
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'কোপেনহেগেন কমিটমেন্ট সার্কেল' এর মাধ্যমে আসন্ন জলবায়ু সম্মেলনে অবদান রাখছেন।
রাষ্ট্রদূত ইয়েনসেন বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলছেন। তিনি গরিব ও ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সমস্যা তুলে ধরছেন।
শুধুমাত্র উন্নত ও উন্নয়নশীল দেশগুলোই আসন্ন সম্মেলনে কথা বলবে তা হতে পারে না।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনের জন্য অনুদান হিসেবে কিছু তহবিল পাবে। তবে বাংলাদেশ কোপেনহেগেন সম্মেলন থেকে ঋণ নয় অনুদান হিসেবে প্রয়োজনীয় অভিযোজন তহবিল পাবে কি না সেব্যাপারে ইয়েনসেন কিছু বলতে পারেননি।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি মঙ্গলবার মালেতে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সম্মেলনে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য 'ঋণ নয়, অনুদান' হিসেবে অভিযোজন তহবিল যোগানোর ব্যাপারে আসন্ন কোপেনহেগেন সম্মেলনে একটি সমঝোতা হতে হবে।
তিনি আরো বলেন, "উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের বৈদেশিক উন্নয়ন সহায়তার বাইরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করতে হবে।"
রাষ্ট্রদূত ইয়েনসেন জানান, বাংলাদেশ তার জলবায়ু পরিবর্তন বিষয়ক কৌশল ও কর্মপরিকল্পনা অনুযায়ী অভিযোজনের জন্য মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ডের আওতায় অনুদান হিসেবে ইতোমধ্যেই তহবিল পেয়েছে।
বাংলাদেশের এই জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৮ সাল গৃহীত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২০০ ঘ.
bdnews24