চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের এক পরিচালকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক পত্রে তাদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে এ শাস্তিমূলক ব্যবস্থার কারণ জানা যায়নি বলে তারা জানান।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- পরিচালক (পরিবহন) এহসানুল কবির, উপ-ব্যবস্থাপক (পরিবহন) গোলাম সারোয়ার, উপ-প্রধান প্রকৌশলী (যন্ত্রকৌশল) ফেরদৌস আহমেদ এবং ব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. শাহজাহান।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চার কর্মকর্তার বরখাস্ত সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশ বুধবার বন্দর ভবনে এসে পৌঁছে।
এ বিষয়ে পরিচালক মুহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের একটি ফ্যাক্স বুধবার এসেছে। তবে চবক চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ ঢাকায় থাকায় এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তা তার হাতে পৌঁছেনি।"
মুহিবুল হক জানান, চেয়ারম্যানের নির্দেশ পাওয়া গেলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ চিঠি পৌঁছানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/আরএআর/এসকে/২০২৪ঘ.
bdnews24