ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় ২৮তম দিনের শুনানিতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর জবাব দেন আসামি পক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন।
তার বক্তব্য শেষ হওয়ার পর দুপুর দেড়টার দিকে দিনের শুনানির ইতি টানে আদালত। বৃহস্পতিবার জবাব দেবেন আসামি পক্ষের অপর কৌঁসুলি খান সাইফুর রহমান।
আনিসুল হক এর আগে এক দফা যুক্তিতর্ক শুনানি করেন। তারপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ, এ এফ এম মেসবাহউদ্দিন ও আবদুল মতিন খসরু।
আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ২ নভেম্বর রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০১৫ ঘ.
bdnews24