ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) শান্তিচুক্তির বাস্তবায়নে অগ্রগতি নিয়ে আবারো হতাশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকেলে পার্বত্য অঞ্চলের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ২৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণসভায় তিনি বলেন, সরকারি দলের সাংসদরা শান্তি চুক্তি বাস্তবায়নে কথা দিলেও বাস্তবতা আগের মতোই রয়ে গেছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা তার বড় ভাই এম এন লারমাকে আদিবাসী জনগোষ্ঠীর 'অবিসংবাদিত নেতা' বলে উল্লেখ করেন।
সন্তু লারমা বলেন, "তিনি যে বাস্তবতার প্রেক্ষাপটে পাহাড়ে বৈপ্লবিক সংগ্রাম শুরু করেছিলেন তা এখনও আগের অবস্থানে রয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও পার্বত্য এলাকার বাস্তবতার কোন পরিবর্তন ঘটেনি।"
স্মরণ সভায় উপস্থিত খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "সাংসদ কথা দিলেও বাস্তবতা একই রয়ে গেছে।"
সন্তু লারমা বলেন, 'এমএন লারমা ও নুর হোসেনরা জীবন উৎসর্গ করলেও দেশে ১০ নভেম্বরের মতো নির্মম হত্যাকাণ্ড প্রতিদিন ঘটছে।"
'বৈপ্লবিক কর্মকাণ্ডের মাধ্যমে' শোষণমুক্ত সমাজ গড়তে তিনি সবার প্রতি আহবান জানান।
আদিবাসীদের অধিকার আন্দোলনের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা জনসংহতি সমিতির অন্তর্ন্দ্বন্দ্বের শিকার হয়ে ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির জঙ্গলে আট সহযোগীসহ নিহত হন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য ও ১৯৭৩ সালে বাংলাদেশের সাংসদ নির্বাচিত এম এন লারমা সত্তর দশকের শেষ দিকে শান্তিবাহিনী গঠন করে সশস্ত্র আন্দোলন শুরু করেন।
সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে জানিয়ে সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন," আমরা আশাবাদী প্রধানমন্ত্রী এ চুক্তি বাস্তবায়ন করবেন।"
এজন্য ভূমি কমিশন আইন প্রণয়নসহ আরও কিছু বিষয়ের সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি যাতে বাস্তবায়িত হতে না পারে সেজন্য সরকার ও রাষ্ট্রের অনেকে এখনও তৎপরতা অব্যাহত রেখেছে।
পাহাড়ে হত্যাকাণ্ড, ভূমি দখলসহ নানা অত্যাচার অব্যাহত রয়েছে বলে তিনিও অভিযোগ করেন।
বিচারপতি গোলাম রাব্বানী বাংলা একাডেমির আদলে আদিবাসী একাডেমি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আদিবাসী ভাষা ও সংস্কৃতি পাঠের জন্য অনুষদ গঠনের দাবি জানান।
এ স্মরণসভার আয়োজক কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক এম এন লারমার নামে রাখা এবং তার জীবনী পাঠক্রমে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানানো হয়।
স্মারক বক্তৃতায় জনসংহতি সমিতির মঙ্গল কুমার চাকমা ও অধ্যাপক রোবায়েত ফেরদৌস আদিবাসী জনগোষ্ঠীর জাতিসত্তা ও ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহবান জানান।
বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইচ কে এস আরেফিন, তথ্য কমিশনার ড. সাদেকা হালিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২২৮ঘ.
bdnews24