ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে থাকা প্রায় ১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে গ্রিস।
গ্রিসে একটি সম্মেলন থেকে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রিসে প্রায় ৩০ হাজার বাংলাদেশি রয়েছে, এর অর্ধেকই অবৈধভাবে সেখানে রয়েছেন।
ইউরোপের এ দেশটি নৌ ও সেবা খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতেও আগ্রহী বলে তিনি জানান।
মোশাররফ বলেন, "তারা (গ্রিস) নৌ ও সেবা খাতে বাংলাদেশী শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে কী পরিমাণ শ্রমিক লাগবে, তা এখনো নিরূপণ হয়নি। তবে তারা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে।"
মন্ত্রী গত ৩ থেকে ৮ নভেম্বর গ্লোবাল ফোরাম অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে অংশ নেন। এবারের সম্মেলনে বাংলাদেশ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর আগের চেয়ারম্যান ছিল ইন্দোনেশিয়া।
বিদেশে আরও লোক নিয়োগের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, "সৌদি আরবে ছয়টি মেগাসিটি গড়ে তোলার কাজ শুরু হলে সেখানে প্রায় চার লাখ শ্রমিক যাবে। এছাড়াও বিভিন্ন দেশে লোক পাঠানোর বিষয়ে সরকার এগিয়ে যাচ্ছে।"
সুদান ও মরিশাস থেকে ফিরে আসা শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, যাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে তারা ফিরে আসবে। আবার যেতে হলে নতুন চুক্তিতে যেতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০০ ঘ.
bdnews24