২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের অভাবে চট্টগ্রামে আরেকটি বিদ্যুৎ ইউনিট বন্ধ, ব্যাপক লোডশেডিং

গ্যাসের অভাবে চট্টগ্রাম রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় সোমবার চট্টগ্রামে ব্যাপক লোডশেডিং হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের অভাবে চট্টগ্রাম রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় সোমবার চট্টগ্রামে ব্যাপক লোডশেডিং হয়। একই কারণে ১ নম্বর ইউনিটটি গত মাস থেকেই বন্ধ রয়েছে। রোববার রাত ১২টার দিকে ২ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। তারা জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ এনে তা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ পুরোদমে গ্যাস সরবরাহের জন্য রাউজানের এই ২ নম্বর ইউনিটটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাউজানের দুটি ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গ্যাস সঙ্কটের কারণে গত ২ অক্টোবর থেকে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। এ কেন্দ্রের দু'টি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দুশ' মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। সোমবার চট্টগ্রামের কাপ্তাই ও বেসরকারি কেন্দ্র রিজেন্ট পাওয়ার থেকে মাত্র একশ' ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। অথচ রাউজানের দুটি ইউনিট থেকে দুইশ' মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। তিনি জানান, সোমবার চট্টগ্রামে লোডশেডিং ছিল প্রায় ৩০০ মেগাওয়াট। পিক আওয়ারে চট্টগ্রামে চাহিদা ছিল ৬৩০-৬৪০ মেগাওয়াট, অফ পিক আওয়ারে তা ছিল ৫০০ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে সোমবার ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে বলে মনিরুজ্জামান জানান। শিগগিরই বিদ্যুৎ কেন্দ্র দুটি চালু না হলে নগরীর লোডশেডিং পরিস্থিতির উন্নতির কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২৩১৩ ঘ.