ঢাকা নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক ও ধর্মীয় ঘেরাটোপ ভেঙে ঢাকার নারীরা নিজেদের যৌন অধিকারের ক্ষেত্রে অনেকটাই সচেতন ও অগ্রসর হয়ে উঠছেন। তবে এখনো বেশিরভাগ নারী যৌন স্বাধীনতা ভোগ করতে পারেন না।
সোমবার রাজধানী ঢাকায় যৌনতা বিষয়ক একটি গবেষণা নিবন্ধ ও আলোচনা সভায় এ তথ্য উঠে আসে।
রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার, সেক্সুয়ালিটি অ্যান্ড এইচআইভি/এইডস।
"সেক্সুয়াল রাইটস অ্যান্ড রং- আন্ডারস্ট্যান্ডিং সেক্সুয়ালিটি ইন ঢাকা" শিরোনামে গবেষণা নিবন্ধে দিনা এম সিদ্দিকী বলেন, "ঢাকায় পুরুষ ও নারী উভয়েই তাদের যৌন চাহিদা ও অভিজ্ঞতা অবদমিত করে রাখতে বাধ্য হন। কারণ অনেকক্ষেত্রেই বিষয়টি সামাজিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য হয় না।"
"ঢাকায় প্রচুর সমকামী পুরুষ ও নারী রয়েছেন। কিন্তু সামাজিকভাবে নিগৃহীত হওয়ার ভয়ে তারা তাদের এই পরিচয় প্রকাশ করতে চান না।"
সমীক্ষার আলোকে নিবন্ধে বলা হয়, প্রথাগতভাবে যৌনতার সঙ্গে বিয়ের একটি গভীর সম্পর্ক থাকলেও বর্তমানের তরুণ প্রজন্মের মধ্যে মানসিকতার বদল ঘটছে।
দিনা এম সিদ্দিকী বলেন, "ঢাকার নারীরা আগের তুলনায় এক্ষেত্রে অনেক সচেতন ও অগ্রসর হয়েছেন। সঙ্গী পছন্দ ও যৌনতার ক্ষেত্রে তারা নিজেদের ইচ্ছা প্রয়োগ করছেন। তবে এখনো বেশিরভাগ নারী তাদের যৌন স্বাধীনতা ভোগ করতে পারেন না। অনেকের এই বিষয়ে সঠিক সচেতনতারও অভাব রয়েছে।"
সভায় যৌনকর্মী, হিজড়া ও সমকামীদের সমস্যার কথাও আলোচিত হয়।
সভায় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের পরিচালক ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ইএনএইচ চেয়ারপারসন ফেরদৌস আজিম, রিয়েলাইজিং রাইটস কনজারভেশন পরিচালক হিলারী স্ট্যান্ডিং প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩০৩ঘ.
bdnews24