ঢাকা, ০৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রাজধানীর প্রধান নৌবন্দর সদরঘাট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে চারটি লঞ্চ ছেড়ে যায়।
তবে যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।
সদরঘাট লঞ্চ টার্মিনালের সময় সংরক্ষক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় পানামা এবং এমভি টিপু-৪, পৌনে ৭টায় সৈকত-২ আর সন্ধ্যা ৭টায় কোকো-৫ সহ মোট ৪টি লঞ্চ ছেড়ে যায়।
লঞ্চ ছাড়া হলেও যাত্রীর সংখ্যা খুবই কম বলে জানান এমভি টিপুর ব্যবস্থাপক ফারুক হোসেন। তিনি জানান, পর্যাপ্ত যাত্রী না হলে রাতে আর লঞ্চ ছাড়া হবেনা।
দুপুরে ধর্মঘট প্রত্যাহার হলেও সদরঘাট টার্মিনালে লঞ্চগুলো ভিড়তে বিকেল হয়ে যায়। ধর্মঘটের সময় অনেক নৌযান ঘাটের বিপরীতে নোঙর করা ছিল।
শাহজাহান নামে এক যাত্রী জানান, ধর্মঘট প্রত্যাহার হলেও তখনো এই খবরটি অনেকেই জানেনা। ফলে টার্মিনালে যাত্রীর সংখ্যা কম।
গত শনিবার মধ্যরাতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে ২২ দফা দাবিতে ধর্মঘট শুরু হয়। সোমবার দুপুরে নৌ মন্ত্রণালয়ে শ্রমিক, মালিক এবং সরকারের মধ্যে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসকে/১৯২৬ঘ.
bdnews24