কক্সবাজার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের সঙ্গে একদল ডাকাতের বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত সুষম চাকমা পুলিশের নায়েক। সুষম চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা এলাকায়।
রোববার রাত ১২টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড়-ঈদগাঁও সড়কের ঢালার মুখ নামক স্থানে এই ঘটনা ঘটে।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান মুনশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির খবর পেয়ে একদল পুলিশ রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়।
টের পেয়েই ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি করলে ডাকাতরাও গুলি চালায়।
পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতের গুলিতে সুষম গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- বশির, গফুর, জানে আলম ও সাদ্দাম হোসেন।
তিনি জানান, ঘটনায় জড়িত ডাকাতদের ধরতে আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চলছে।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে ঈদগড় বাজারে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সাখাওয়াত হোসেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি ডাকাতদের পাকড়াও করতে এলাকবাসীর সহযোগিতা চেয়েছেন। একজন ডাকাতে ধরিয়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
পুরস্কার ঘোষণার সত্যতা নিশ্চিত করে এসপি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ খুনের ঘটনায় রামু থানায় দু'টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24