ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রয়াত চলচ্চিত্র অভিনেতা আসলাম তালুকদার মান্না 'হত্যার' অভিযোগে করা মামলার দ্রুত নিষ্পত্তি দাবি করেছেন তার স্ত্রী।
রোববার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে শেলী মান্না বিচার বিলম্বিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন।
শেলী অভিযোগ করেন, গত ১ নভেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন তিনি ঢাকার এক নম্বর বিশেষ আদালতে সাক্ষীসহ হাজির হয়ে দেখেন ওই আদালতের বিচারক ফিরোজ আলম বদলি হয়ে গেছেন। কিন্তু এ পরিস্থিতিতে তখন দায়িত্বে থাকা বিচারকের আদালতেও সাক্ষ্য নেওয়া হয়নি। বরং আগামী বছরের ১১ জানুয়ারি মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
নাম উল্লেখ না করে 'একটি মহলকে' এজন্য দায়ী করেন তিনি।
গত বছরের ১৭ ফেব্র"য়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মান্না। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকদের 'চরম অবহেলায়' তার মৃত্যু হয়েছে অভিযোগ করে পরে মান্নার পরিবারের পক্ষ থেকে ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24