২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: ৪৮৭০ জনের ভিসা এখনও প্রক্রিয়াধীন

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সকলের ভিসা নিশ্চিত হলেও এখনো বেসরকারি ব্যবস্থাপনার চার হাজার ৮৭০ জনের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ধর্ম সচিব আব্দুর রব হাওলাদার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সকলের ভিসা নিশ্চিত হলেও এখনো বেসরকারি ব্যবস্থাপনার চার হাজার ৮৭০ জনের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ধর্ম সচিব আব্দুর রব হাওলাদার। এ পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের মধ্যে ৪৫ হাজার ৫৫০ জনের ভিসা পাওয়া গেছে বলে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাকিদের ভিসা শিগগিরই পাওয়া যাবে। এজন্য যোগাযোগ চলছে। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে (পিআইডি) এক সংবাদ সম্মেলনে ধর্ম সচিব এসব তথ্য জানান। এ সময় মূখ্য তথ্য কর্মকর্তা (পিআইও) একেএম শামীম চৌধুরী ও হজ অফিসার বজলুল হক বিশ্বাস উপস্থিত ছিলেন। এ বিষয়ে হজ অফিসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসা সাড়ে চার হাজারেরও বেশি হজযাত্রীর ভিসা প্রক্রিয়াধীন রয়েছে। সৌদি দূতাবাসে তাদের কাগজপত্র পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর দুয়েকদিনের মধ্যে তাদের ভিসা হয়ে যাবে।" এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫৮ হাজার ৪৫৫ জন সৌদি আরব যাচ্ছেন। এদের মধ্যে আট হাজার ৩৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫০ হাজার ৪২০ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। ধর্ম সচিব জানান, গত বছরের মতো এবারো ইসলামিক ফাউন্ডেশনের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারি হজকর্মী হিসেবে সৌদি আরবে গেছেন। গত বছর এ সংখ্যা ৮০ ছিলো বলে দাবি করেন তিনি। হজকর্মী হিসেবে পিয়ন-চাপরাশিসহ ইসলামিক ফাউন্ডেশনের এত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারির সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সচিব দাবি করেন, "হজ নীতিমালা অনুসরণ করে সরকারি নিয়ম অনুযায়ীই তাদের সেখানে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।" কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পিয়ন-চাপরাশিরা হজকর্মী হিসেবে কি ধরনের কাজ করবেন-এর জবাবে তিনি বলেন, তারা সেখানে তদারকি ও সমন্বয়ের কাজ করবে। এ জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে। হাজীদের কোন সমস্যা হচ্ছে কিনা-তা দেখে সমাধানের জন্য তারা কাজ করবেন। এছাড়া হজে যাওয়া অনেক কর্মকর্তার জন্যও তারা কাজ করবেন। শুধু সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তদারকি করার জন্য একশ' ৭৯ জন হজগাইড সেখানে যাচ্ছেন। গত ২১ অক্টোবর থেকে হজ ফ্লাইট শুরু হয়। রোববার পর্যন্ত ৩১ হাজার ৬৫৭ জন সৌদি আরব পৌঁছেছেন। কয়েক দিনের মধ্যেই সকল হজযাত্রী সেখানে পৌঁছে যাবেন বলে জানান সচিব। তিনি জানান, সৌদিয়া এয়ার লাইন্স ২০ হাজার হজযাত্রী পরিবহন করবে। বাকী হজযাত্রীদের মধ্যে চার হাজার পরিবহন করবে এমিরেটস এয়ারলাইন্স। অন্য সকল হজযাত্রীই পরিবহন করবে বাংলাদেশ বিমান। সচিব জানান, সরকারি নিয়ম অনুসরণ করেই এবারো প্রশাসনিক টিম পাঠানো হয়েছে। তবে আগে এতে কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা ২০ জন ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ জনে উন্নীত করা হয়েছে। এক্ষেত্রেও কোন অনিয়ম হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/২০৩৭ ঘ.