ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল, ধানমণ্ডি ও সূত্রাপুর এলাকা থেকে শনিবার রাতে ও রোববার ভোরে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে রোববার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন চকবাজারের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬৫)। টয়েনবি সার্কুলার রোড থেকে মো. সাদ্দাম (২৫) নামে ফুটপাতের এক খাবার ব্যবসায়ীর লাশ হাত-পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ধানমণ্ডির ৬ নম্বর সড়ক থেকে অজ্ঞাত পরিচয় (২৬) এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
সূত্রাপুরে নিহত রাজ্জাকের শ্যালক টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে দোকান বন্ধ করে রাজ্জাক গেন্ডারিয়ায় বড় মেয়ের বাসায় যান। সেখান থেকে ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
রাজ্জাকের কারখানা রজনী বোস লেনে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জাককে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন নিয়ে যায় দৃর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, রোববার সকাল ৯টার দিকে ১০ টয়েনবি সার্কুলার রোডের টিনশেড বাসা থেকে খাবার ব্যবসায়ী সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মুখে গামছা ও গলায় রশি প্যাচানো ছিল।
ওই বাড়িটিতে আরও দু'রেস্তোরা কর্মচারির সঙ্গে থাকতেন সাদ্দাম। এ ঘটনার পর ওই দু'জনকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে নিহতের ভাই ফারুক হোসেন অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাদ্দামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক জায়েদ নূর জানান, শনিবার রাত আড়াইটার দিকে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের হারুন আই ফাউন্ডেশনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (২৬) ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট। তার দু' হাতে ও পায়ে জখম রয়েছে।
পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, দারুসসালাম থানার কল্যাণপুর এলাকায় তাকে মারধর করা হয়। এরপর অসুস্থ অবস্থায় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তাকে নিয়ে যাওয়া লোকজন পথেই ধানমণ্ডি এলাকায় ওই যুবককে ফেলে রেখে পালিয়ে যায়। দারুসসালাম থানা পুলিশও বিষয়টি তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসএইচ/২০০০ ঘ.
bdnews24