ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান রোববার বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য আরো কিছু সময় লাগবে।
যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালের জন্য নির্ধারিত স্থান রাজধানীর ১৪ আব্দুল গণি রোডের স্থাপনা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত সংস্থা ,প্রসিকিউশন সেল ও ট্রাইব্যুনাল এখনো গঠন করা হয়নি এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুল মান্নান খান বলেন- "আমাদেরকে সময় দিতে হবে। আমরা বসে নেই, কাজ করে যাচ্ছি।"
এ বিষয়ে সুনির্দিষ্ট দিন-তারিখ জানতে চাইলে তিনি বলেন, "লেবু বেশি চিপলে তেঁতো হয়ে যায়।"
তবে যুদ্ধাপরাধীদের বিচার 'বাংলার মাটিতে হবেই' মন্তব্য করে মন্ত্রী বলেন, "যারা নারী ধর্ষণ, মানুষ হত্যা ও অগ্নিসংযোগ করেছে তাদের বিচার এদেশের মাটিতেই হবে। আপনারা (সাংবাদিক) আমাদের সাহায্য করেন।"
পূর্তমন্ত্রীর সঙ্গে থাকা আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, "আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে অনেকটা অগ্রসরও হয়েছি।"
আইন প্রতিমন্ত্রী বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সময় হলেই জানতে পারবেন কাদের বিচার হবে, কারা তদন্ত করবেন এবং কারা বিচারক হবেন।"
তিনি এ বিষয়ে বাজেটে বরাদ্দ ও সিদ্ধান্ত প্রস্তাব পাশের কথা উল্লেখ করেন।
১৪ আব্দুল গণি রোডে এখন সরকারের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ও নিবন্ধন পরিদপ্তরের কার্যালয় রয়েছে। এটি কারওয়ান বাজারের জনতা টাওয়ারে সরিয়ে নেওয়া হবে।
এর আগে দুই প্রতিমন্ত্রী জনতা টাওয়ার পরিদর্শন করেন।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ও নিবন্ধন পরিদপ্তরের কার্যালয় সরিয়ে জনতা টাওয়ারে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো স্থানান্তর করে ভবনটি ট্রাইব্যুনালের ব্যবহার উপযোগী করতে আরও দুই মাস সময় লাগবে।
আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। তারা সরকার গঠনের পর প্রায় এক বছর হতে চললেও দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি বেশি না হওয়ায় অনেকে হতাশা ব্যক্ত করেছেন। সরকারের পক্ষ থেকে এর কারণ হিসেবে বিষয়টির স্পর্শকাতরতা ও জটিলতা এবং 'যথাযথ প্রস্তুতির' প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এসকে/১৯৩৪ঘ.
bdnews24