কিশোরগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুরে জোড়া খুনের মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- আলম, জসীম উদ্দিন ওরফে মুর্শিদ, মাস্টার মিয়া, আবুল কালাম ওরফে কালা মিয়া, গিয়াস উদ্দিন ওরফে গেসু, শাহ আলম ও হাবিব।
এদের মধ্যে আলম ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
এছাড়া বিচার চলাকালে মৃত্যু হওয়ায় তিন আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২০ অক্টোবর গভীররাতে একদল ডাকাত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে একটি স্বর্ণের দোকানে হানা দেয়।
তারা দোকানের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে নুরুল ইসলাম (৫৫) ও ইসমাইল (২০০) নামে দুই দোকান কর্মচারিকে হত্যা করে ৫০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার পরদিন দোকান মালিক আবুল হাশেম ভূঁইয়া বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ২৪ মে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি আইনজীবী (এপিপি) শাহ আজিজুর রহমান। আসামি পক্ষে ছিলেন আব্দুল কদ্দুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24