২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার

বেতন বাড়ানোর আশ্বাস দেওয়ার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

দিনাজপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন বাড়ানোর আশ্বাস দেওয়ার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা। রোববার বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুরের পুলিশ সুপারিনটেনডেন্টের মধ্যস্থতায় তার সম্মেলন কক্ষে রোববার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিক নেতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জহির ট্রেডার্সের কর্মকর্তাদের বৈঠক হয়। তিনি বলেন, "বৈঠকে বেতন বাড়ানোর দাবি মেনে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।" বেতন বাড়ানো ও বোনাস দেওয়ার দাবিতে শ্রমিক-কর্মচারীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছিল। রোববার সকাল ১১টার দিকে শ্রমিক-কর্মচারীরা কেন্দ্রের ভেতর কর্মবিরতি শুরু করলে সেনা সদস্যরা তাদের বের করে দেয়। তারা সোমবার দুই ঘণ্টা, মঙ্গলবার চার ঘণ্টা এবং বুধবার ছয় ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচিও ঘোষণা করে। শ্রমিক নেতা খায়রুল ইসলাম জানান, তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল কালাম সিদ্দিক, জহির ট্রেডার্স এর মালিক জহির উদ্দীন, তাপ বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও উপদেষ্টা এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন। জহির ট্রেডার্স এর মালিক জহির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের বেতন সাতশ' টাকা করে বাড়ানো হবে। এই বিদ্যুৎ কেন্দ্রে মোট শ্রমিক-কর্মচারি সংখ্যা ২৩৭। এর মধ্যে আগে নিয়োগ করা হয় ১৭২ জনকে। গত এক মাস আগে আরও ৬৫ জন নিয়োগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫১ ঘ.