২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর শহররক্ষা বাঁধে ভাঙন

চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। রোববার সকালে বাঁধের প্রায় সাতশ' মিটার অংশের কংক্রিটের ব্লক ধসে মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

চাঁদপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। রোববার সকালে বাঁধের প্রায় সাতশ' মিটার অংশের কংক্রিটের ব্লক ধসে মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে প্রাথমিকভাবে সেখানে বালির বস্তা ফেলা হচ্ছে। তবে প্রবল ঘূর্ণি স্রোতে বালির বস্তা টিকছে না। ঘটনাস্থল পরিদর্শনের পর জেলা প্রশাসক বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতির ভয়াবহতা কিছুটা কমে এসেছে। পানি উন্নয়ন বোর্ডকে সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি জানান, বালিভর্তি বস্তায় কাজ না হলে দ্রুত কংক্রিটের ব্লক ফেলা হবে। ২০০৭ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর শহররক্ষা প্রকল্পের এই অংশসহ বিভিন্ন স্থানে কংক্রিটের ব্লক স্থাপন করা হয়। গত বছর কাজ শেষ হয়। ২০০১ সালের ১৯ সেপ্টেম্বরের ভয়াবহ ভাঙনে চাঁদপুরের বড় রেলস্টেশন, মাছঘাট, নৌ-বন্দর ও বরফকলসহ অনেক স্থাপনা মেঘনা-ডাকাতিয়ার মোহনায় বিলীন হয়ে যায়। বর্তমান ভাঙনের স্থান থেকে দুশ' গজ দূরে ওই ভাঙনের ঘটনা ঘটেছিল। বাঁধে ভাঙন শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারীরা ঘটনাস্থলে আসেন। তবে পাউবোর নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাসকে ঘটনাস্থলে দেখা যায়নি। তার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দিন, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গণি পাটওয়ারী। ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম, কুলছুমা, বাচ্চু মিয়াসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করেই যমুনা পাইলট হাউস সংলগ্ন শহররক্ষা প্রকল্প এলাকায় বাঁধের ব্লকগুলো অল্প অল্প করে দেবে যেতে শুরু করে। এতে বাঁধের পাশের ঘর-বাড়ি সরিয়ে নিয়ে যায় অনেকেই। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণিক নুরুল ইসলাম বলেন, "নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস অফিসের কাজে ঢাকায় আছেন। এছাড়া অফিসের অন্য কর্মকর্তারা চাঁদপুর নেই।" বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক জহিরুল আলম খান বলেন, "পরিস্থিতি খারাপ। বালির বস্তা ফেলে ধস ঠেকানো সম্ভব নয়। খুব শিগগির পর্যাপ্ত ব্লকসহ ভারী বস্তু ফেলতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২১ ঘ.