ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আলোচনা সফল না হওয়ায় শনিবার মধ্যরাত থেকে সারা দেশে নৌ-যান শ্রমিকদের ডাকা ধর্মঘট শুরু হয়েছে।
তবে নৌ-যান মালিক সমিতি শ্রমিকদের ডাকা ধর্মঘট উপেক্ষা করে যাত্রীবাহী লঞ্চ চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এ পরিস্থিতিতে শনিবার রাতেই ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২২ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়।
নৌ-যান শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্রমিক নেতা শাহ আলম রাত সোয়া ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব লঞ্চ টার্মিনাল ছেড়ে যাওয়ার পর আমাদের ধর্মঘট শুরু হয়েছে। দাবি না পর্যন্ত ধর্মঘট চলবে।"
নৌ-যান শ্রমিকদের বেতন স্কেল ঘোষণা, মেরিন আইনের সঠিক প্রয়োগ, মাস্টার চালকদের সার্টিফিকেট মেয়াদিকরণ বাতিল, হয়রানি-নির্যাতন বন্ধ, নৌ-পথে ডাকাতি রোধসহ ২২ দফা দাবি পূরণে গত ১৮ আগস্ট থেকে সংগঠনটি আন্দোলন করে আসছে।
দাবি-দাওয়া পূরণে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং নৌযান মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে শ্রমিক নেতা শাহ আলম বলেন, "তারা প্রত্যেকে আশ্বাস দিলেও কিছু না হওয়ায় দাবি পূরণের জন্য গত ২১ অক্টোবর ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু এর পরও অগ্রগতি না হওয়ায় আমরা ২৮ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য ৭ নভেম্বর থেকে এ ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছি।"
ধর্মঘটের আওত্তায় যাত্রীবাহী নৌযান এবং পণ্য পরিবহন ও মাছ ধরার যানসহ বেসরকারি সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান শাহ আলম।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ 'এমভি টিপু'র ব্যবস্থাপক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কোন শ্রমিক ধর্মঘটে অংশ নেবে না। আমরা যথারীতি সব রুটে লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে শ্রমিকদের ডাকা ধর্মঘট সফল হওয়ার সম্ভাবনা কম।"
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (ট্রাফিক) শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে বলেন, "শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু শনিবার রাত পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের কোনো সম্ভাবনা এ মুহূর্তে দেখছিনা। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।"
সদরঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহবুবুর রহমান রাত সোয়া একটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘাটে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন থাকায় অপ্রীতিকর কোন কিছু হয়নি। রাতের সব লঞ্চ শান্তিপূর্ণভাবেই ঘাট ছেড়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএইচ/০২০০ ঘ.
bdnews24