২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীর পাহাড়ে অস্ত্র 'কারখানা'র সন্ধান

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি স্থানের সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে আগ্নেয়াস্ত্র বানানোর বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

কক্সবাজার, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি স্থানের সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে আগ্নেয়াস্ত্র বানানোর বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। অস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তির তথ্যে শুক্রবার সকালে ওই স্থানের সন্ধান পাওয়া যায় বলে মহেশখালী থানার ওসি স্বপন কুমার নাথ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলাম মোস্তাক নামের ওই ব্যক্তিকে একটি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। ওসি স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ১০টার দিকে পানিরছড়া এলাকায় একটি অটো রিকশা থেকে মোস্তাককে গ্রেপ্তার করা হয়। "তার দেওয়া তথ্যে হোয়ানকের জনবিরল পাহাড়ের চূড়ায় প্লাস্টিকের শেড দেওয়া বাঁশের ঘরে অস্ত্র তৈরির স্থানে যায় পুলিশের একটি দল। সেখানে লেদ মেশিন ছাড়া আগ্নেয়াস্ত্র তৈরির প্রায় সব সরঞ্জাম ছিল।" মোস্তাক পুলিশকে জানিয়েছে, তারা চারজন দেড় মাস ধরে ওই স্থানে অস্ত্র তৈরি করে তা বিক্রি করে আসছিল। মোস্তাকের বক্তব্য অনুযায়ী, তাদের দলের প্রধান জাফর আলম। অপর দুই সদস্য হলো আবদুর রশিদ ও শহিদ উল্লাহ। তবে পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মোস্তাকের বাড়ি মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪৫ ঘ.