ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনীদের সমস্যা সমাধানে গঠিত আল কুদ্স কমিটিকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদা জিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় তার গুলশানের কার্যালয়ে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) মহাসচিব অধ্যাপক একমেলউদ্দিন ইহসানুলগলের সঙ্গে দেখা করার সময় এ আহ্বান জানান।
৪০ মিনিটের এ সাক্ষাত অনুষ্ঠানের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন,''এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। ওআইসি মহাসচিব তাদের সংস্থার কর্মকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবহিত করেছেন।''
তিনি জানান, খালেদা জিয়া ওআইসি গঠিত আল কুদ্স কমিটিকে আরও সক্রিয় ও শক্তিশালী করার অনুরোধের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ওআইসির ভূমিকারও প্রশংসা করেন।
ইসলামি দেশগুলোর প্রধান জোটটি আরো কার্যকরভাবে কাজ করবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন খালেদা।
সাক্ষাতের সময়ে শমসের মবিন চৌধুরী ছাড়াও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের আরেক উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৪ঘ.
bdnews24