নীলফামারী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তাস খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরে সরকারি খাদ্য গুদামের দু'দল শ্রমিকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আবারও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য খাদ্য গুদামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন নীলফামারী থানার ওসি নুরুল ইসলাম।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শ্রমিক নেতা সহিদুল ইসলাম ও তার অনুসারী কয়েকজন শ্রমিক গুদাম এলাকায় তাস খেলছিলেন। তখন গুদামে জরুরি কাজ চলছিল।
অন্য শ্রমিকরা তাদের খেলা বাদ দিয়ে কাজ করার অনুরোধ করলে সহিদুল ক্ষিপ্ত হন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
আহতদের মধ্যে চেরু (৩৫), দুলাল (৪০), দেলদার (৩৫), গোলদার (৩০), মোমিদুল (৩৮) ও মজিদুলকে (৩৫) নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহিদুলসহ (৪০) অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নীলফামারী থানার ওসি নুরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় খাদ্য গুদামে উত্তেজনা বিরাজ করছে। আবার সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24