২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিরা সর্বোচ্চ আদালতের সঙ্গেও মশকরা করেছে: আনিসুল হক

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, "বঙ্গবন্ধুর খুনিরা কেবল রাষ্ট্রপতির সঙ্গে 'ফাউল প্লে' করেনি, তারা দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গেও মশকরা করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, "বঙ্গবন্ধুর খুনিরা কেবল রাষ্ট্রপতির সঙ্গে 'ফাউল প্লে' করেনি, তারা দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গেও মশকরা করেছে।" আসামি ল্যান্সার মহিউদ্দিনের আদালতে দেওয়া বিলম্ব মার্জনার দরখাস্ত ও যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়া এফিডেভিটের ভিন্নতা তুলে ধরে তিনি বৃহস্পতিবার এ কথা বলেন। একই সঙ্গে আনিসুল হক মন্তব্য করেন, হত্যার পর বঙ্গবন্ধুর দুঃখের কাল শেষ হয়নি। এ দিন তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ২৪-তম দিনের শুনানি শুরু হয় সকাল ৯টা ৫০ মিনিটে। চলে ১টা ৩৫ পর্যন্ত। এরমধ্যে দিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আগামী রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন করবেন। শুনানির পর আনিসুল হক সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে লিভ টু আপিল শুনানির সময় বিলম্ব মার্জনার দরখাস্ত দেওয়া হয়। ওই দরখাস্তে তিনি হলফ করে বলেছিলেন, ঢাকা বিমানবন্দরে নামার পর তিনি জানেন, তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাগারে গিয়ে তিনি জানতে পারেন, এ মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের আদালতে তিনি এফিডেভিট দিয়ে বলেছিলেন, বঙ্গবন্ধুকে তিনি হত্যা করেছেন। তাকে এ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে ফিরে এলে তার ফাঁসি হবে।" আদালতে শুনানির কথা জানিয়ে আনিসুল হক আরও বলেন, "আদালতকে বলেছি, এটা হত্যার ষড়যন্ত্র ছিল। হত্যা করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ছিল। কোন প্রকার উস্কানি, প্রতিরোধ ও জিজ্ঞাসা ছাড়াই রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। এ মামলায় নিু আদালতে ৬১ জনের মধ্যে ৬০ জন সাক্ষ্য দিয়েছে জানিয়ে তিনি বলেন, সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে নিু আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেয়। হাইকোর্ট তা বহাল রাখে। আসামিপক্ষের কৌঁসুলিদের যুক্তি খণ্ডন করে তিনি বলেন, "এ মামলার সাক্ষী ও বাদী মহিতুল ইসলাম ও ডিএসপি নুরুল ইসলাম ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। কিন্তু আমি আদালতে সাক্ষ্য উপস্থাপন করে দেখিয়েছি, তারা ঘটনার সময় উপস্থিত ছিল। তাদের গায়ে গুলিও লেগেছিল। আসামিপক্ষের যুক্তি নস্যাৎ করে দিয়েছি।" মহিতুল ইসলাম ও নুরুল ইসলাম ঘটনার সময় উপস্থিত থাকলে তাদের শরীরেও গুলি লাগতো বলে চলতি শুনানিতে আসামিপক্ষ যুক্তি দিয়েছিলো। ১৫ আগস্টের রাতে ঢাকা রেডিও স্টেশন দখল করতে যাওয়া সেনা কর্মকর্তারাও ওই হত্যা যড়যন্ত্রে জড়িত ছিলো যুক্তি দেখিয়ে আনিসুল হক বলেন, "দণ্ডবিধির ৩৪ ধারায় বলা আছে, যদি কেউ অভিন্ন উদ্দেশে কোন কাজ করে, তাহলে প্রত্যেক ব্যক্তি এককভাবে বা সম্মিলিতভাবে দায়ী থাকবে। যারা রেডিও স্টেশনে গিয়েছিলেন, তারাও এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দাবি করে তিনি বলেন, "হত্যাকাণ্ডের মূল পরিকল্পনার সঙ্গে রেডিও স্টেশনের ঘোষণা ছিল অবিচ্ছেদ্য। এই রেডিও স্টেশনে আসামি রশিদ, ফারুক, শাহরিয়ার, ডালিম, নূর ও হুদাসহ অনেককে দেখা গেছে।" শুনানিতে আদালত বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস উল্লেখ করেছেন জানিয়ে আনিসুল হক বলেন, "আমি তখন বলেছি, মৃত্যুর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ করেছেন। কারাভোগ করেছেন। হত্যার পরও তার দুঃখের কাল শেষ হয়নি। মামলা দায়েরের জন্য ২১ বছর, মামলার বিচারের জন্য ১৩ বছর- মোট ৩৪ বছরেও প্রতীক্ষার প্রহর শেষ হয়নি।" রেডিও স্টেশন দখলের তাৎপর্য ছোটভাবে দেখা যায় না উল্লেখ করে তিনি বলেন, "তারা যদি রেডিও স্টেশন দখল না করতো, তাহলে তৎকালীন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রেডিওতে ঘোষণা দিয়ে জানাতে পারত যে, সরকার এখনও ক্ষমতায় আছে। জনগণকে তারা বলতে পারত, আপনারা বেরিয়ে আসুন। তাহলে হত্যাকারীদের অস্তিত্ব থাকত না। "বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ক্ষমতা দখল করাই তাদের উদ্দেশ্য ছিল। এক্ষেত্রে তাই করা হয়। এটি ডাকাতির ঘটনা নয়।" আদালত তখন বলেন, "উদ্দেশ্যপূর্ণ হলে অভিন্ন ইচ্ছার বিষয়টি প্রমাণিত হয়।" একাধিক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, আসামিদের উপস্থিতি ও সাক্ষ্যপ্রমাণে তা উঠে এসেছে। আদালত এ পর্যায়ে হত্যার পরিকল্পনার বিষয়ে বক্তব্য রাখার জন্য বললে তিনি বলেন, "ঘরে বসে পরিকল্পনা করার পর অপারেশনে গেলে একত্রে কাজ করার মাধ্যমে অভিন্ন ইচ্ছা প্রতিফলিত হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়ার পর অভিন্ন ইচ্ছা পরিপূর্ণ হয়।" রেডিও স্টেশনের ঘটনা এ ষড়যন্ত্রের অংশ দাবি করে আনিসুল হক বলেন, "এই হত্যাকাণ্ডের সঙ্গে সংযোগ হচ্ছে আসামিদের রেডিও স্টেশনে যাওয়া। অভিন্ন ইচ্ছার জন্য হত্যাকাণ্ডের স্থানে থাকতে হবে- এমন বক্তব্য যুক্তিযুক্ত নয়।" তিনি হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক রহমানকে সাত দিন ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ১২ দিন রিমান্ডে রাখা হয়েছে। ফারুক রহমানকে ৩২ দিন আটক ও শাহরিয়ারকে ২৭ দিন আটকের পর রিমান্ডের নেওয়ার বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি আরও বলেন, ফারুক রহমান দীর্ঘদিন ডিটেনশনে ছিলেন। পরে তাকে এ মামলায় রিমান্ডে নেওয়া হয়। শাহরিয়ার রশিদকে জেল হত্যা মামলায় ১৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে এ মামলায় ১২ দিন রিমান্ডে নেওয়া হয়। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামিপক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/১৮১৫ ঘ.