২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৬ জনের যাবজ্জীবন

নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে একই পরিবারের মহিলাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ায় একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বগুড়া, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে একই পরিবারের মহিলাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ায় একটি আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন (স্পেশাল ট্রাইবুন্যাল) আদালতের বিচারক জেব-উন-নেসা বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার পলাশী গ্রামের আহিমুল হক আমুল (২৪), এনামুল হক (১৮), নজরুল ইসলাম (৩০), তাদের মা ফজিলা খাতুন (৫৫) ও বাবা ইব্রাহিম (৬০) এবং ইব্রাহিমের ভাই আসাব আলী (৫৫)। মামলায় নথি থেকে জানা যায়, যৌতুক দাবিতে ২০০৬ সালের ১৫ জুন আহিমুল হক আমুল ও অন্য আসামিরাসহ তার স্ত্রী সম্পাকে (১৯) মারধর করে অজ্ঞান অবস্থায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তাকে আদমদীঘি স্বাস্থ্য কেন্দ্রে ও নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সম্পার বাবা শাহাদত প্রামানিক বাদী হয়ে একই বছরের ১৮ জুন আদমদীঘি থানায় মামলা করেন। ১৭ আগস্ট আদমদীঘি থানার ওসি খন্দকার জলিল উদ্দিন আদালতে ওই ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তবিবর রহমান তবি এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৭ ঘ.