২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ ইনস্টিটিউট পরিচালকের কক্ষে সন্ত্রাসী হামলা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিচালকের কক্ষে ঢুকে মঙ্গলবার একদল সন্ত্রাসী ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিচালকের কক্ষে ঢুকে মঙ্গলবার একদল সন্ত্রাসী ভাঙচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় বলেও পরিচালক অধ্যাপক একেএম মহিবুল্লাহ অভিযোগ করেছেন। ঘটনার সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং বহির্বিভাগের অনেক রোগী ভয়ে হাসপাতাল ছেড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় পরিচালক বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী মনির, মুন্না ও ফজলুসহ ১৫ জনকে আসামি করে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে দশটার দিকে একেএম মহিবুল্লাহ তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী কক্ষে ঢুকে তাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা পরিচালকের গলা টিপে ধরে তাকে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা পরিচালকের ব্যক্তিগত মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যায়। পরিচালক মহিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমি স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।" আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা রিয়াজ হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩১২ ঘ.