গাজীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলার মারিয়ালি এলাকায় জমি দখল করতে গেলে মঙ্গলবার সকালে র্যাব সদস্যসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
এদের মধ্যে মোস্তাফিজুর রহমান (২৮) চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ল্যান্স নায়েক পদে কর্মরত। বর্তমানে র্যাব সদর দপ্তরে ট্রেনিং উইং-এ দায়িত্ব পালন করছেন তিনি।
অপর দুজনের মধ্যে মো. হাসান (২৩) নিজেকে র্যাবের ক্যাপ্টেন পরিচয় দেন। তার বাড়ি বরিশাল সদর উপজেলার হরিনাকুনিয়ার এলাকায়। এদের সহযোগী শাহজাহান (৩৫) গাজীপুরের শিমুলতলী এলাকার বাসিন্দা।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, আটক তিনজনের কাছ থেকে একটি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-১ এর উপসহকারী পরিচালক মো. শাহাবুদ্দিনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করে মোস্তাফিজকে র্যাবে সোপর্দ করা হয়েছে।
বাকি দুজন থানা হেফাজতে আছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, সকাল ১১টার দিকে মোস্তাফিজসহ ৫/৭ জন মারিয়ালি এলাকায় জসিম উদ্দিনের স্ত্রীর শাম্মী আক্তারের জমি দখল করতে যান।
একটি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে শাম্মীর স্বাক্ষর নিতে গেলে এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায়।
জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে হাসানের নেতৃত্বে ১০/১২ জন সশস্ত্র যুবক তার বাড়িতে এসেছিলেন। ওইদিন হাসান নিজেকে সেনাবাহিনী প্রধানের ভাই এবং ব্যাবের ক্যাপ্টেন পরিচয় দেন।
তারা ৪টার মধ্যে জমিতে থাকা ঘর ভেঙে নিয়ে যাওয়ার জন্য বলেন। অন্যথায় ক্রস ফায়ারে হত্যার হুমকি দেন। আজ (মঙ্গলবার) এসে তারা জোর করে স্ট্যাম্পে সই করানোর চেষ্টা করেন।
আটক মোস্তাফিজ বলেন, তার উর্ধ্বতন এক কর্মকর্তার আত্মীয়ের কেনা জমি নিয়ে বিরোধ মেটাতে তিনি মারিয়ালি এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24