২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বয়লার বিস্ফোরণে ৫০ শ্রমিক আহত

রংপুর শহরতলীর উত্তম এলাকায় একটি কারখানার বয়লার বিস্ফোরণে ৫০ শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

রংপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরতলীর উত্তম এলাকায় একটি কারখানার বয়লার বিস্ফোরণে ৫০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ডায়মন্ড পার্টিক্যাল বোর্ডের কারখানায় ভয়াবহ এই বিস্ফোরণে তিনটি গুদাম বিধ্বস্ত হয়। বিস্ফোরণের পরপর কারখানায় আগুন ধরে য়ায়। শ্রমিকরা অভিযোগ করেছেন, তারা বেশ কিছুদিন ধরে কারখানা মালিককে বলে আসছিলেন বয়লারের 'সেফটি' মুখ খুলে না দিলে যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। কিন্তু শ্রমিকদের কথা আমলে নেননি তিনি। আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া সাতজন হলেন- গোলজার হোসেন (২৫), হালিম (২৩), জাহেদুল ইসলাম (৩০), লালমিয়া (৩৫), ওয়াজকরুনী (৩৫), আফজাল (২৪) ও হাবিবুর রহমান (৪৫) । এদের মধ্যে জাহেদুলের ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগুনে ঝলসে গেছে বেশির ভাগ শ্রমিকের শরীর। আহত অপর শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহেদুল সাংবাদিকদের বলেন, দুপুর সোয়া ১২টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কারখানায় কর্মরত ৫০ শ্রমিক কমবেশি আহত হন। এছাড়া কারখানা আধা পাকা তিনটি গুদামের দেয়াল ও টিনে চালা উড়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক ডা. আশফাক হোসেন জানান, আহত শ্রমিকদের মধ্যে গোলজার হোসেন ও জাহেদুলের অবস্থা গুরুতর। আহতরা শ্রমিকরা জানান, বয়লারের 'সেফটি' মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমার কারণে বিস্ফোরণ হয়েছে। দূর্ঘটনার পর মালিক কামাল হোসেন বা তার লোকজন তাদের দেখতে আসেননি। এমনকি চিকিৎসার ব্যবস্থাও করেননি বলে তারা অভিযোগ করেন। কারখানার মালিক কামাল হোসেনও জানিয়েছেন বয়লারের মুখ বন্ধ থাকায় এই বিস্ফোরণ ঘটেছে। শ্রমিকদের হাসপাতালে দেখতে না আসা এবং চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। রংপুর সদর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাটি শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.