২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচল ও উত্তরা প্রকল্পে প্লট বরাদ্দের লটারি বুধবার

সাংবাদিকসহ অন্যান্য ক্যাটাগরিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আংশিক এবং উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে প্লট বরাদ্দের লটারি বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকসহ অন্যান্য ক্যাটাগরিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আংশিক এবং উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে প্লট বরাদ্দের লটারি বুধবার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ লটারির ড্র অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সাংবাদিকদের একথা জানিয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাকখারুল ইকবাল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুনঃনির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে নয়টায় এ অনুষ্ঠান শুরু হবে। রাজউকের পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে দেওয়া বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ১১ টায় লটারির ড্র অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছিল। তবে সন্ধ্যায় এ সময় পুনঃনির্ধারণ করা হয় বলে জানান মোফাকখারুল ইকবাল। এতে পূর্বাচল প্রকল্পে সাংবাদিক ক্যাটাগরির ১১০টি প্লট এবং উত্তরা প্রকল্পে বিচারপতি, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ ও সাংবাদিকসহ অন্যান্য ক্যাটাগরিভুক্ত আইনজীবী এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যক্তিদের প্লট বরাদ্দ দেওয়া হবে। আব্দুল মান্নান খান বলেন, "দুই প্রকল্পে প্লট বরাদ্দের জন্য আবেদনকারীদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং আলোচনার ভিত্তিতে দেওয়ার যোগ্য ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে কোনো লটারি করা হবে না। প্লট বরাদ্দে মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করেই এসব বরাদ্দ সম্পন্ন হবে।" গত ১৬ সেপ্টেম্বর এবং ১০ অক্টোবর পূর্বাচল প্রকল্পের লটারির ড্র অনুষ্ঠিত হয়। তবে উত্তরা প্রকল্পের জন্য এটিই প্রথম লটারি। এর আগে পূর্বাচল প্রকল্পে আট ক্যাটাগরিতে প্লট বরাদ্দ শেষ হয়েছে। বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ চার ক্যাটাগরিতে বরাদ্দ বাকী রয়েছে। উত্তরা ও পূর্বাচলে কতো প্লট বরাদ্দের জন্য এ লটারি হচ্ছে জানতে চাইলে আব্দুল মান্নান খান তা জানাতে অস্বীকৃতি জানান। প্রতিমন্ত্রীর নিজের হাতে ১০ শতাংশ প্লট সংরক্ষিত রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মন্ত্রীদের হাতে ২০ শতাংশ প্লট সংরক্ষিত ছিল। তা দলীয় ক্যাডারদের মধ্যে বন্টন করা হয়। কিন্তু এবার তা করা হবে না। "মুক্তিযোদ্ধা, সমাজের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অন্যান্যদের মধ্যে এগুলো বরাদ্দ দেওয়া হবে।" পূর্বাচল ও উত্তরা প্রকল্পে গত ১৫ এপ্রিল পর্যন্ত মোট আবেদন জমা পড়ে প্রায় এক লাখ ৫৭ হাজার। এর মধ্যে শুধুমাত্র উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের জন্য দুই ধরনের প্লট ক্যাটাগরিতে মোট ৪৯ হাজার ৮৩৫টি আবেদন পড়েছে। মোট ৪১ হাজার ৫০টি আবেদন সঠিক বলে বিবেচিত হয়। আট হাজার ৭৮৫টি আবেদন বাতিল বলে গণ্য হয়। তিন কাঠার প্লটের জন্য মোট বৈধ আবেদন জমা পড়ে ১১ হাজার ৯২৪টি এবং বাতিল হয়েছে দুই হাজার ৪৮৬টি। পাঁচ কাঠার প্লটের জন্য জমা হওয়া আবেদনের মধ্যে বৈধ আবেদন ২৭ হাজার ৬৬২টি। এর মধ্যে বাতিল হয় ছয় হাজার ৩০৯টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৮১১ ঘ.