ফরিদপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে 'অজ্ঞান পার্টি'র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুর দেড়টার দিকে সিএন্ডবি ঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে এদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ দিন ধরে এই চক্রটি পানি, সরবত, চা, কোমল পানীয় ও পানের সঙ্গে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে মানুষের সর্বস্ব লুট করত।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালীর সবুজ হাওলাদার (৩৮), মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিরাজ মিয়া (৫০), শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হানিফ হাওলাদার (৪৮), একই জেলার ডামুড্যা উপজেলার মো. জালালউদ্দিন (৫৫) এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হারুন মোড়ল (৬৫)।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24