২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিকদের মৃত্যুর জন্য মালিক দায়ী'

শনিবার টঙ্গির সহিংসতায় তিন শ্রমিকের মৃত্যুর জন্য সোমবার গার্মেন্টস কারখানাটির মালিককে দায়ী করেছেন শ্রম প্রতিমন্ত্রী ও ওই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেছেন, টঙ্গির নিপ্পন গার্মেন্টসের শ্রমিক ও পুলিশের মধ্যকার সংঘর্ষে হতাহতদের ক্ষতিপূরণ কারখানা মালিককে অবশ্যই দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার টঙ্গির সহিংসতায় তিন শ্রমিকের মৃত্যুর জন্য সোমবার গার্মেন্টস কারখানাটির মালিককে দায়ী করেছেন শ্রম প্রতিমন্ত্রী ও ওই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেছেন, টঙ্গির নিপ্পন গার্মেন্টসের শ্রমিক ও পুলিশের মধ্যকার সংঘর্ষে হতাহতদের ক্ষতিপূরণ কারখানা মালিককে অবশ্যই দিতে হবে। সোমবার সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। কমিটির সভাপতি ইস্রাফিল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন শ্রমিকের মৃত্যুর জন্য 'দায়ী' মালিকপক্ষ। তাদের আহতদেরও ক্ষতিপূরণ দিতে হবে। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ায় শনিবার রাজধানীর অদূরে টঙ্গির এরশাদ নগরের নিপ্পন গার্মেন্টেস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘাত হয়। এতে তিন শ্রমিক নিহত ও শতাধিক আহত হয়। "হতাহতদের ক্ষতিপূরণ না দিয়ে পার পাওয়া অতো সহজ নয়", বলেন মুন্নুজান। সংঘর্ষের পরদিন রোববার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পোশাক শিল্পমালিকদের দু' সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। কমিটির সভাপতি ইস্রাফিল আরও বলেন, "যদি কেউ বলে যে মালিকরা তাদের মৃত্যুর জন্য দায়ী নয়, তা ভুল। দায়দায়িত্ব তাদের নিতেই হবে। তারা জড়িত না থাকলে এতো বড় ঘটনা ঘটতেই পারে না।" সংঘর্ষে সামান্য আহতদের ক্ষতিপূরণও মালিকদের দিতে হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/২০২৬ ঘ.