২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চরমপন্থী সন্দেহে ইমামকে হত্যা করায় ক্ষোভের ঝড়

যুক্তরাষ্ট্রের মিশিগানে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের গুলিতে এক মুসলিমের মৃত্যুর পর সেখানে ওই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ওয়াশিংটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মিশিগানে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের গুলিতে এক মুসলিমের মৃত্যুর পর সেখানে ওই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) চরমপন্থি মনে করে যাকে হত্যা করেছে তিনি সত্যিই চরমপন্থি ছিলেন কি না, নাকি কণ্ঠরোধ করার জন্যই হত্যার মতো এই কঠিন পদক্ষেপ- স্থানীয় মুসলিমদের মনে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত বুধবার মিশিগানে ডিয়ারবর্নের আল হক মসজিদের ইমাম লোকমান আমীন আবদুল্লাহকে (৫৩) গুলি করে হত্যা করা হয়। এই ইমামের মৃত্যুর পর নগরী জুড়ে এমনই ক্ষোভ দেখা দিয়েছে যে আইন-শৃঙ্খলা বাহিনী এখন পাল্টা প্রতিশোধের বিষয় নিয়ে শঙ্কিত। লোকমানের ছেলে ওমর রিগান জানান, তার বাবা ছিলেন স্পষ্টভাষী। তিনি সরকারের বিরুদ্ধে জনগণকে নিরাপত্তা দিতে না পারার মতো বিষয়ে অভিযোগ করতেন। "তবে আবেগাক্রান্ত হয়ে কথা বলা আর আবেগের বশবর্তী হয়ে কিছু করা দুটি ভিন্ন বিষয়", বলেন তিনি। বাবার মৃত্যুর পর শনিবার লস অ্যাঞ্জেলস থেকে ডিয়ারবর্নে এসেছিলেন এই কমেডি অভিনেতা। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী, নানা বিষয়ে ওই ইমামের মনোভাব ডিয়ারবর্নের মুসলিম সম্প্রদায় ছাড়াও দেশের অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ছিল। ডিয়ারবর্নে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিমের বসবাস। ফেডারেল এজেন্টরা লুকমানকে যুক্তরাষ্ট্র সরকারকে উৎখাতে আগ্রহী ভিন্ন মতাবলম্বী হিসেবে উল্লেখ করলেও তার বিরুদ্ধে সন্ত্রাস বাদের অভিযোগ করেনি। তাকে কেন সন্ত্রাবাদী হিসেবে অভিযুক্ত করা হয়নি এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশিগানের অ্যাটর্নি টেরেন্স বার্গ বলেন, "এ অভিযোগগুলো থেকেই সবকিছু স্পষ্ট।" শহরের অদূরে যেখানে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন সেটি ছিল তার পণ্য গুদাম। এফবিআই বলছে, ওই গুদামে চুরি যাওয়া পণ্য বিক্রির ষড়যন্ত্র এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে অভিযান চালানো হয়েছিল। আব্দুল্লাহ তাদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। ডেট্রয়েট বিভাগের দায়িত্বে থাকা এফবিআই সদস্য অ্যান্ড্রু জি অ্যারিনা এ ঘটনাকে 'যথার্থ' হিসেবে তুলে ধরে বলেন, "এফবিআই সদস্যরা আত্মরক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে।" একটি ৪৩ পৃষ্ঠার অভিযোগপত্রে আব্দুল্লাহকে চরমপন্থি নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে তিনি ছিলেন 'উম্মাহ' নামে একটি মুসলিম সংগঠনের এক জঙ্গী উপদলের নেতা। এতে বলা হয়, এই সংগঠন যুক্তরাষ্ট্রে আলাদা মুসলিম দেশ কায়েম করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। বেশ কয়েক বছর ধরে আব্দুল্লাহর ওপর এফবিআই'র নজর ছিল বলেও ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। তবে আব্দুল্লাহর বন্ধু ও স্বজনরা কর্তৃপক্ষের ভাষ্য নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তারা উল্টো প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই এফবিআই কয়েকবছর ধরে আব্দুল্লাহর কর্মকাণ্ডের ওপর নজরদারী করে থাকে তাহলে কেন তারা তা বন্ধ করলো না। ডেট্রয়েটের অন্যতম বড় একটি মসজিদ মুসলিম সেন্টার। সেখানে ইমামতি করেন আব্দুল্লাহ আল আমীন। তিনি বলেন, "যদিও আমরা একই মসজিদে কখনোই ইমামতি করিনি তবুও গত ২০ বছর ধরে আমি তাকে চিনি। তার মধ্যে এমন কিছুই দেখিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এএল/২১৪৩ঘ.