২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর হত্যাকারীদের বিচার দাবি জরিনার

স্বামীর লাশ দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন জরিনা। তার কান্নায় হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে জরিনা বলছিলেন, এখন তার কী হবে? সন্তানদের কী হবে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

গাজিপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বামীর লাশ দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন জরিনা। তার কান্নায় হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে জরিনা বলছিলেন, এখন তার কী হবে? সন্তানদের কী হবে? রোববার সকাল ৯টায় গাজিপুর সদর হাসপাতালে স্বামী সফিকুল ইসলামের (৫০) লাশ সামনে নিয়ে আহাজারি করতে করতে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি। শনিবার সকালে টঙ্গির এরশাদনগর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহতদের একজন সফিকুল ইসলাম। পেশায় রাজমিস্ত্রি সফিক জরিনাকে খুঁজতে এসে মারা যান। গুলি তার মাথার এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। নিপ্পন গার্মেন্টস নামের পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার জের ধরে শ্রমিকদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজনের মৃত্যু এবং তাদের লাশ সরিয়ে ফেলা হয়েছে বলে শ্রমিকরা দাবি করেন। মৃত্যুর খবর অস্বীকার করলেও পুলিশ রাতে সফিক ও বাবুল শেখ (৩০) নামে দু'জনের লাশ উদ্ধার করে। রোববার আরেকজনের লাশের খোঁজ দিয়েছে পুলিশই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা লাশটি টঙ্গিতে সংঘর্ষে নিহত তাজুলের বলে সনাক্ত হয়েছে। জরিনা সাংবাদিকদের জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সফিক ও তিনি কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তিনি কাজ করেন নিপ্পনের পাশের টোয়েন্টি সেভেন ক্ল্যাসিকেল নামের পোশাক কারখানায়। সফিক কাজ করতেন এরশাদ নগরের ২নম্বর ব্লকের আমেনা বেগমের বাসায়। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মাইনকা এলাকার সিরাজুল ইসলামের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সফিক ছিলেন সবার বড়। তিনি জানান, খবর পেয়ে আজ (রোববার) সকালে তিনি হাসপাতালে এসে স্বামীর লাশ সনাক্ত করেন। জরিনা জানান, তিনি সফিকের দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষে স্ত্রীর নাম শাহিনুর। তার নিজের দুই ছেলে ও এক মেয়ে। শাহিনুরের পাঁচ ছেলে। স্বামী মারা যাওয়ায় এই ছেলে মেয়েদের ভবিষ্যত নিয়ে তারা উদ্বিগ্ন। একই ঘটনায় নিপ্পন কারখানার অপারেটর রোকসানার স্বামী ভ্যানচালক বাবুল শেখ (৩২) পুলিশের গুলিতে নিহত হন। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর জামিরা এলাকার হামজা শেখের ছেলে। এরশাদ নগর এলাকার ৫ নম্বর ব্লকের মুজিবুরের বাড়িতে ভাড়া থাকতেন তারা। বাবুল শেখের লাশও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আলী হায়দার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্ত শেষে দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.