নরসিংদী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলাকে জেলা করার দাবিতে রোববার বিকেলে উপজেলার নীলকুঠি এলাকায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মাহসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
বিকেল ৫টার দিকে এই অবরোধ শুরু হয়ে ৬টার কিছু সময় পর শেষ হয়। অবরোধ চলাকালে রাস্তার দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
অবরোধের সময় সম্মিলিত নাগরিক সমাজের নামে এলাকাবাসী নীলকুঠির স্থানীয় মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে একটি সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী ভুইয়া, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক, জেলার সরকারি কৌঁসুলি (পিপি) ন. ম. রুহুল আমিন, আ. লীগ নেতা আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তারা অবিলম্বে রায়পুরাকে জেলা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।
রায়পুরা থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শত শত লোক সড়ক অবরোধ করে রাখার কারণে রাস্তার দু'পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
২০টি ইউনিয়ন নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা গঠিত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা করার প্রস্তাবের পর রায়পুরাকে জেলা ঘোষণার দাবি ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24