২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আটকদের মধ্য ১২ জন কারাগারে

পঞ্চগড় শহরে জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে আটকৃতদের মধ্যে ১২ জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক বাড়ির মালিক সাইদুর রহমানকে মুচলেকা নিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

পঞ্চগড়, নভেম্বর -১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরে জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে আটকৃতদের মধ্যে ১২ জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক বাড়ির মালিক সাইদুর রহমানকে মুচলেকা নিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। শনিবার সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা শহরের কায়েতপাড়া মহল্লার একটি বাসা থেকে বাড়ির মালিক সাইদুর রহমানসহ ১৩ জনকে আটক করে। সাইদুর ছাড়া অন্যরা নিজেদের নিউওয়ে নামের একটি কোম্পানির সদস্য বলে পুলিশের কাছে দাবি করেন। পঞ্চগড় সদর থানার ওসি মো. জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে আটক ১৩ জনের মধ্যে ১২ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পঞ্চগড়ের মূখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। শুনানি শেষে হাকিম দীলিপ কুমার দেবনাথ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওসি জমির বলেন, "বাড়ির মালিক সাইদুর রহমানই সন্দেহভাজনদের সম্পর্কে প্রথমে পুলিশকে জানিয়েছিলেন। এজন্য তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।" তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে ও নিউওয়ে কোম্পানির পরিবেশক দাবিদার মাসুদুর রহমান, পঞ্চগড় শহরের জালাসী মহল্লার বাবর আলীর ছেলে এনামুল হক, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন স্বপন ও কামাতকাজলদীঘি ইউনিয়নের টুনিরহাটের জমিরউদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে। তারা কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা সেটা জানার জন্য দেশের বিভিন্ন থানায় ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলে ওসি জানান। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহারিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিউওয়ে কোম্পানির শুধু ঢাকা নগরীতে কর্মকাণ্ড চালানোর অনুমোদন রয়েছে। পঞ্চগড়ে তারা অবৈধভাবে সভা-সেমিনার করছিল।" সন্দেহভাজনদের মধ্যে চারজনের বিষয়ে গুরুত্ব সহকারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২০ ঘ.