ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গির সংঘর্ষ তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে সরকার। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
শনিবার টঙ্গির এরশাদ নগরে নিপ্পন গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত দুই জন নিহত এবং পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
শ্রম ও কর্মসংস্থান সচিবকে প্রধান করে গঠিত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিরা থাকছেন।
বাংলাদেশের রপ্তানি আয়ের বেশিরভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। তাই এ খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
ঘটনাটি নাশকতা কিনা- প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কমিটির তদন্তেই এসব বেরিয়ে আসবে।"
সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে টঙ্গি থানায় একটি মামলা করেছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ২ থেকে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।
পুলিশ প্রধান বলেন, "ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তের পর দোষীদের অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হবে।"
নূর মোহাম্মদ অভিযোগ করেন, ঘটনার পর থেকে কিছু কিছু গণমাধ্যমে ঘটনাটিকে অনেক বড় করে দেখানো হয়েছে। বলা হয়েছে, দুইজন মহিলা পুলিশ নিখোঁজ হয়েছেন। কিন্তু এমন কোনও কিছুর সত্যতা সরকার খুঁজে পায়নি।
তবে এ বিষয়ে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সংবাদে গাজিপুরের পুলিশ সুপারকে উদ্ধৃত করেই দুই পুলিশ সদস্যের নিখোঁজ থাকার খবর প্রকাশ করা হয়।
শ্রমিকদের অভিযোগ, তাদের আরও বেশ কয়েকজন সহকর্মীকে হত্যার পর লাশ গুম করেছে পুলিশ। তবে সে অভিযোগ পুলিশের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে।
আকস্মিকভাবে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় নিপ্পন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তাদের সঙ্গে পুলিশের সংঘাত বাধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩০ ঘ.
bdnews24