ফারুক ইকবাল
চট্টগ্রাম ব্যুরো প্রধান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-পরিবহন মন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করে বন্দর পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ফোরাম।
শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ফোরামের এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলা হয়, ষড়যন্ত্রকারী একটি মহল এখন বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্দরকে এক-এগারোর আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাইছে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক না করে বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের 'অবৈধ' নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বন্দর সম্পর্কিত একপেশে সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করে তারা এটাকে 'অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।
সভায় ফোরাম আহবায়ক সাংসদ এম এ লতিফ বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, "বন্দর সুন্দরভাবেই চলছিল। কিন্তু মন্ত্রণালয়ের কর্তারা অ-শ্রমিক ও 'অবৈধ' নেতাদের সঙ্গে বৈঠক করে একতরফা সিদ্ধান্ত নেওয়াতেই যত বিপত্তি দেখা দিয়েছে।"
বার্থ অপারেটর নিয়োগে দরপত্র ডাকা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, "এটা না করে শ্রমিক নিয়োগে 'বুকিং সেন্টার' খোলার সিদ্ধান্ত নেওয়ার কোন অর্থ হয় না।"
শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে নৌ-পরিবহন মন্ত্রীকে বন্দর ব্যবহারকারী ফোরামের সঙ্গে বৈঠক করার আহবান জানিয়ে তিনি বলেন, "একটি গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক পন্থায় সিদ্ধান্ত নেবে- এটা মানা যায় না।'
সরকার দলীয় সাংসদ এম এ লতিফ বলেন, "নৌ-মন্ত্রী বন্দর স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করছেন না। এ অবস্থায় বন্দরে বড় কোন সমস্যার উদ্ভব হলে তার দায়-দায়িত্ব কে নেবে?"
চট্টগ্রাম বন্দরের অবনতিশীল পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, "শিগগিরই বন্দর সমস্যার সবকিছু প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কার কর্মসূচির মাধ্যমে অর্জিত বন্দরের সুনামের যবনিকাপাত হয়েছে অভিযোগ করে তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, "কিছু বাইরের শ্রমিক নেতার সঙ্গে নৌ-মন্ত্রী বৈঠক করে সঙ্কট সৃষ্টি করেছেন। এদের অতীত ইতিহাস ভাল না। এ কারণে বন্দরে অশনি সঙ্কেত দেখা দিয়েছে।"
তিনি বন্দর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে ফোরামের সভাপতির প্রতি আহবান জানান।
সভায় অন্য বক্তারা বলেন, এখন বন্দর শ্রমিকদের প্রতিনিধিত্ব করছে অ-শ্রমিক ও অ-কর্মচারীরা। কিন্তু মন্ত্রণালয় এসব অবৈধ নেতৃত্ব নিয়ে কোন প্রশ্ন তুলছে না। উল্টো তাদের সঙ্গে বৈঠক করে একপেশে সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে বন্দর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
ফোরাম আহবায়ক ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে সভায় ফোরাম নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি আখতার হোসেন ও যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম ও সহ-সভাপতি এসএম সাইফুল হক, বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার হোসেন সাগর ও সহ-সভাপতি হাসান মাহমুদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এসএইচ/০০৫৩ ঘ.
bdnews24