২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পিনাক

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 06:37 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ময়মনসিংহ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। শুক্রবার রাতে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। দু'দেশের নানা সমস্যার সমাধান আলাপ-আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মত দেন পিনাক। বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে একটি রেল সেতু নির্মাণে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলছে জানিয়ে পিনাক রঞ্জন বলেন, "বাংলাদেশ-ভারত রেলপথ উন্নয়নে ভারত সরকার কাজ করছে। এছাড়া দু'দেশের মধ্যে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিনিময় আরও বাড়বে। ভারত বর্তমানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের শিক্ষা বৃত্তি দিচ্ছে।" অন্য দেশের তুলনায় বাংলাদেশী নাগরিকদের প্রতিবছর সবচেয়ে বেশী ভিসা দেওয়া হয় বলেও জানান বিদায়ী এ ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটির অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাখা সভাপতি আবদুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, সাংসদ মতিউর রহমান, ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত কামাল উদ্দিন, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, অধ্যাপক বুলবুল মহলানবীশ, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী এবং সমিতির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তানিয়া আমীর বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০০৩৬ঘ.