২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় সিমেন্টের বস্তায় বাঁধা লাশ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার সিমেন্টের বস্তা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার সিমেন্টের বস্তা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কমপক্ষে ৫/৬ দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি পানিতে ফেলা হয় বলে পুলিশ ধারণা করছে। এর আগে গত ৯ আগস্ট একই জায়গা থেকে সিমেন্টের বস্তা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত বের করতে না পরলেও দুটি হত্যার ঘটনায় একই ব্যক্তি বা গোষ্ঠী জড়িত বলে পুলিশের ধারণা। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর তিনটার দিকে কামরাঙ্গীরচর হাফেজ্জি হুজুরের মাদ্রাসা ঘাট বরাবর নদীতে লাশটি ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ কর্মকর্তা হাবিবুর জানান, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। পরনে ছিলো কালো হাফহাতা শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। চোখ-মুখসহ মাথা লাল গামছা দিয়ে মোড়ানো ছিল। এছাড়া হাত ছিলো লম্বা রুমাল দিয়ে বাঁধা। আগের লাশটি উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিব সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশের পরিচয় না পাওয়ায় মামলাটির কোন কুলকিনারা করা যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩১৯ঘ.