চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কুয়েত রুটে শুক্রবার থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে কুয়েত এয়ারওয়েজ।
সপ্তাহে শুক্রবার এবং রোববার দুইদিন এই ফ্লাইট চট্টগ্রাম-কুয়েত যাওয়া আসা করবে।
আরামদায়ক যাত্রা ও সাশ্রয়ী মূল্যের প্রতিশ্রুতি নিয়ে এয়ারবাস-৩০০ মডেলের বিমানের এই ফ্লাইটে প্রতিবারে ২৫০ জন যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর পেনিনসুলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ফ্লাইট উদ্বোধনের ঘোষণা দেন কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
কুয়েত এয়ারওয়েজের সেলস ম্যানেজার (বাংলাদেশ) সামিউর রাজ্জাক চট্টগ্রাম থেকে সরাসরি কুয়েত ফ্লাইট চালুর বিষয়ে সাংবাদিকদের বলেন,বৃহত্তর চট্টগ্রামের নোয়াখালী,কুমিল্লা,কক্সবাজারসহ এই এলাকার উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী। তাদের এবং ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করেই চট্টগ্রাম থেকে কুয়েত সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে।
তিনি বলেন, কুয়েত এয়ারওয়েজের মাধ্যমে এসব যাত্রীরা ইউরোপ-আমেরিকার দেশসহ বিশ্বের ৪৮টি গন্তব্যে যাতায়াত করতে পারবে।
সংবাদ সম্মেলনে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর চারটা ২৫ মিনিটে ২৩২ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি কুয়েত থেকে চট্টগ্রাম আসে।
কুয়েত এয়ারওয়েজের এ ফ্লাইটে ২৩২টি ইকোনমি ক্লাস ও ১৮টি বিজনেস ক্লাসের আসন থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২৩০২ঘ.
bdnews24