আল-ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের উপকূলীয় সাতটি ইলিশ প্রধান অঞ্চলে প্রজনন মৌসুমে ইলিশের ১৫ ভাগ ডিম সংরক্ষণ করা গেলে প্রায় ১২ হাজার কোটি জাটকা পরবর্তী মওসুমের জন্য রক্ষা পাবে বলে জানিয়েছেন একজন ইলিশ গবেষক।
গবেষক মুহাম্মদ আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার ইলিশের প্রজনন মৌসুমে মাত্র ১৬ থেকে ১৮ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে, গত বছর যা ছিলো ৩৮ শতাংশ। এর ফলে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে।"
তবে বিভিন্ন বাধার পরও চলতি বছর প্রজনন মৌসুমে মা ইলিশ ২শ' মেট্রিক টনের বেশি ডিম ছেড়েছে জানিয়ে চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর বলেন, "বিশেষ করে নোয়াখালীর হাতিয়া, মৌলভীরচর ও ভোলার চরফ্যাশনের মনপুরায় এবার প্রচুর ইলিশের রেণু পোনা দেখা গেছে।"
আনিছুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল গবেষণার জন্য ২০-২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন এলাকা ঘুরে দেখেন।
প্রজনন মৌসুমে নিধনের শিকার মোট ডিমওয়ালা ইলিশের সংখ্যা নির্ধারণ ও তার প্রভাব গবেষণার জন্য গবেষক দলটি দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় ৭টি ইলিশ প্রধান অঞ্চলে কাজ করে। এগুলো হলো ষাটনল (চাঁদপুর), কালিগঞ্জ (বরিশাল), ইলিশাঘাট (ভোলা), মনপুরা (চরফ্যাশন, ভোলা), মৌলভীরচর (হাতিয়া, নোয়াখালী), রামগতি (লক্ষ্মীপুর) ও চরলুধুয়া (লক্ষ্মীপুর)।
আনিছুর রহমান জানান, ভোলার মনপুরা এলাকার সাকুচিয়া, হাজিরহাট ও রামনেওয়াজ এলাকায় চলতি বছর প্রচুর পরিমাণে ইলিশের পোনা ধরা পড়েছে। সেখানে মৎস্য গবেষণা পরীক্ষার জালে (এক মিটার চাওড়া ও ১৪ মিটার লম্বা) প্রতি আধা ঘণ্টায় যে পরিমাণ ইলিশ পোনা ধরা পড়েছে তা ব্যবহার করে একটি বিশেষ পদ্ধতিতে সংখ্যা নির্ণয় করা হয়েছে। এতে দেখা গেছে, চলতি মওসুমে দুই লাখ কেজি ইলিশ ডিম ছেড়েছে।
গত ১৫ থেকে ২৪ অক্টোবর ১০ দিন ডিমওয়ালা মা ইলিশ নিধনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা আমান্য করে অবাধে মাছ ধরা হয়েছে জানিয়ে ইলিশ গবেষক বলেন, "নিষেধাজ্ঞার সময়ের আগেই এবার ভরা পূর্ণিমা আসায় প্রচুর পরিমাণে ডিমওয়ালা মা ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে।"
তিনি বলেন, "এছাড়া চাঁদপুরের মেঘনায় ষাটনল এলাকায় পানির ক্ষারত্ব স্বাভাবিক পর্যায়ে সাড়ে সাত থাকার কথা থাকলেও এখন রয়েছে সাত। এ কারণে সেখানে মাছের খাদ্য তৈরির পরিমাণ কমে গেছে। ফলে কিশোর ইলিশ ভুগছে অপুষ্টিজনিত রোগে।"
এর ফলে এবার ইলিশের উৎপাদন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি।
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে ইলিশের অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশ মৌসুমে (সেপ্টেম্বর-অক্টোবর) অতিরিক্ত প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইলিশ পাওয়া যাবে। এর দাম প্রায় ছয় হাজার কোটি টাকা বলেও জানান তিনি।
এ বছর সাত হাজার কোটি টাকা মূল্যের দুই লাখ ৯০ হাজার টন ইলিশ পাওয়া গেছে বলে জানান আনিছুর রহমান।
গবেষণা দলে তার সঙ্গে তিনজন গবেষণা সহকারী মো. নূরুজ্জামান, আব্দুস সালাম, আব্দুল গফুর এবং তিনজন দক্ষ ফিশারম্যান,
bdnews24