২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালিমের ভাই হওয়ার কারণেই স্বপন গ্রেপ্তার: স্ত্রীর দাবি

আওয়ামী লীগ সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় গ্রেপ্তার কামরুল হক স্বপন ওই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন তার স্ত্রী সালমা হক রোজী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় গ্রেপ্তার কামরুল হক স্বপন ওই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন তার স্ত্রী সালমা হক রোজী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোজী একথা বলেন। তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের ভাই হওয়ার কারণেই শুধুমাত্র স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপন ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। শুধুমাত্র ভাইয়ের কারণেই নিরপরাধ স্বপনকে অভিযুক্ত করা হয়েছে।" রিমান্ডে নিয়ে স্বপনের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে অভিযোগ করে লিখিত বক্তব্যে রোজী বলেন, সাত বছর ধরে সাংসদ তাপস ও তারা একই ভবনে বসবাস করছেন। দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিলো। কিন্তু তাপসের ওপর বোমা হামলার পরদিন কোনো কাগজপত্র না দেখিয়েই স্বপনকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন আট দিনের পুলিশি হেফাজতে আছেন। স্বপন ভীষণ অসুস্থ এবং কয়েকদিন আগে অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে জানিয়ে তার স্ত্রী বলেন, "তাকে (স্বপন) প্রতিদিন অনেক ধরনের ওষুধ খেতে হয়। অথচ এখন তাকে ওষুধ দেওয়া হচেছ না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩৪৩ ঘ.