চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন দাবিতে এবার চট্টগ্রাম বন্দরের বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরাও আন্দোলনে নেমেছে।
দাবি আদায়ে বৃহস্পতিবার বিকেলে নগরীর নিমতলা মোড়ে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারি ফেডারেশনের ব্যানারে তারা সমাবেশ করে। মহানগর বিএনপি'র আহবায়ক ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত বন্দর শ্রমিকদের পুনর্বহাল এবং ডক শ্রমিক পরিচালনা বোর্ড আবার চালুসহ অন্যান্য দাবি ২০ নভেম্বরের মধ্যে মেনে নেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
তা না হলে বন্দরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও নেতৃবৃন্দ সতর্ক করে দেন।
অন্যদের মধ্যে বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, এম নাজিম উদ্দিন, আবু সুফিয়ান, সংযুক্ত শ্রমিক কর্মচারি ফেডারেশনের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার এবং শ্রমিক নেতা এস এম জাকের ও তসলিম হোসেন সমাবেশে বক্তব্য দেন।
এর আগে আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারি ফেডারেশন ও ডক শ্রমিক ঐক্য পরিষদ নামে দুটি শ্রমিক সংগঠন একই দাবিতে মিছিল-সমাবেশ করে।
দাবি মানতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আল্টিমেটাম দিয়ে গত ২৭ অক্টোবর বন্দরে কর্মবিরতিরও ডাক দেয় এ অংশের নেতারা। তবে পরে ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএইচ/২২৪৭ ঘ.
bdnews24