২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন রুটে বেসরকারি পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন রুটে বেসরকারি পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক, শ্রমিক নেতাদের বৈঠকে সমঝোতা হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। বিআরটিসি বাস এবং নসিমন-করিমন ও ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছিল জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও বাস মালিক সমিতি। তাজুল ইসলাম জানান, জেলা প্রশাসন সাত দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত ৮টায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম বলেন, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের ছয়টি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে বিআরটিসি বাস বন্ধের বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, কৃষি পণ্য পরিবহনের স্বার্থে নসিমন-করিমন ও ভটভটি চাঁপাইনবাবগঞ্জ শহরে সকাল ৯টা পর্যন্ত চলবে। তবে মহাসড়কে এ সমস্ত যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন রুটে পরিবহন ধর্মঘট পালিত হয়। ধর্মঘটের কারণে রাষ্ট্র মালিকানার বিআরটিসি বাস ছাড়া আরও কোনও গাড়ি চলেনি। সোনামসজিদ স্থলবন্দরে আটকা পড়ে আমদানি পণ্যবাহী শত শত ট্রাক। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন মোড়ে পরিবহন শ্রমিকরা পিকেটিং করে। বিভিন্ন স্থানে পুলিশও মোতায়েন ছিল। কেবল পুলিশ পাহারায় বিআরটিসি'র বাসগুলো শহর ছেড়ে যায়। শহরের বিশ্বরোড মোড়ে মটর শ্রমিকরা জেলার বাইরে থেকে আসা ট্রাক চলাচলে বাধা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে দুপুরে বিআরটিসি বাস এবং নসিমন, করিমন ও ভটভটি বন্ধ না করার দাবিতে নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে শহরের পৌর পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন- তরিকুল আলম, রিমন রহমান, বাহারাম আলী, খলিলুর রহমান প্রমুখ। তারা বলেন, যাত্রীসেবার মানের কারণে বিআরটিসি দ্বিতল বাস জনপ্রিয়। ব্যক্তি মালিকানাধীন পরিবহন সেবার মান উন্নত না করে মালিকরা অযৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন ধর্মঘট করছে। বক্তারা বলেন, নসিমন, করিমন ও ভুটভুটি গরুর গাড়ির বিকল্প হিসাবে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। সহজে কৃষি পণ্য পরিবহন ও প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের বিকল্প হিসাবেও এসব যান বিশেষ ভূমিকা রাখছে। বিকল্প ব্যবস্থা করা ছাড়া এসব যন্ত্রযান চলাচল নিষিদ্ধ না করার জন্য জেলা প্রশাসকের প্রতি তারা আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/২২১১ ঘ.