২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথের আধুনিকায়নে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ

সদস্য দেশগুলোর মানুষের প্রত্যাশা অনুযায়ী কমনওয়েলথের আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য দেশগুলোর মানুষের প্রত্যাশা অনুযায়ী কমনওয়েলথের আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার নগরীর হোটেল রাজমণি ইশা খাঁ- তে কমনওয়েলথের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, "কমনওয়েলথের আধুনিকায়ন ও সংস্কারের ইস্যুটি জোরালো হওয়ায় সংস্থাটির এখন দুইশ' কোটি মানুষের প্রতিনিধিত্বকারী সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়া দরকার।" কমনওয়েলথে সদস্য দেশগুলোর মানুষের স্বার্থ ও প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ত্রিনিদাদ ও টোবাগোয় আগামী নভেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠেয় কমনওয়েলথ সদস্যভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের বৈঠক উপলক্ষে ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি এ সভার আয়োজন করে। সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলীর সঞ্চালনায় সভায় সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন ও জগলুল আহমেদ চৌধুরীও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/২০৫০ ঘ.