ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র প্রক্রিয়া শেষ করে পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ আগামী বছরই দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ২০১৩ সালের মধ্যে দেশের বৃহত্তম এ সেতু নির্মাণ শেষ করার আশা করছেন তিনি।
যোগাযোগমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকার পদ্মা সেতুর প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের শুরুতে প্রাক-যোগ্যতা যাচাইয়ের কাজ শেষ করে দরপত্র প্রক্রিয়ার পর ওই বছরের মধ্যেই কার্যাদেশ দেওয়া হবে।
একটি দরপত্র প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে আবুল হোসেন বলেন, "তবে এটি প্রকাশের আগেই দাতাদের অনুমোদন নেওয়া হবে।"
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংক পদ্মা সেতু নির্মাণে ঋণ দিচ্ছে।
ঋণের বিষয়ে দাতাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, "তাদের (দাতা) সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই সরকার প্রাক-যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে। তবে চূড়ান্ত কার্যাদেশ দেওয়ার আগে দাতাদের সঙ্গে ঋণদান চুক্তি স্বাক্ষর হতে হবে।"
চূড়ান্ত চুক্তির বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সমন্বয় করছে বলে জানান আবুল হোসেন।
২০১৩ সালের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করার আশা প্রকাশ করে তিনি বলেন, "টাকার কোনও সমস্যা নেই। নির্দিষ্ট সময়ের মধ্যেই এর কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারেও কোনও সংশয় নেই।"
যোগাযোগমন্ত্রী জানান, পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট (ডাবল ডেকর) হবে এবং তা ধরেই নকশা প্রণয়ন হচ্ছে।
"নিচ দিয়ে যাবে রেলপথ এবং ওপর দিয়ে হবে সড়ক", বলেন তিনি।
বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা সকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠকের বিষয়ে আবুল হোসেন বলেন, "স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশকে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও যাতে এ সহযোগিতা অব্যাহত থাকে, এজন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি।"
পদ্মা সেতু নির্মাণে জাপান বাংলাদেশকে কী পরিমাণ আর্থিক সহায়তা দেবে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "আমরা যা চেয়েছি, তাই পাব। তবে জাপান আরও কিছু খাতে বাংলাদেশকে সহায়তা দেবে।"
তবে এ সব বিষয় আগামী বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের পর চূড়ান্ত হবে বলে আবুল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪১০ ঘ.
bdnews24