২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে জাপানের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে বিনিয়োগে জাপানি শিল্প উদ্যোক্তা ও কোম্পানির আগ্রহের কথা জানিয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিনিয়োগে জাপানি শিল্প উদ্যোক্তা ও কোম্পানির আগ্রহের কথা জানিয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা সরকারের সহযোগিতা চেয়েছেন। বুধবার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন। রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, বাংলাদেশে মজুরি কম ও শ্রমিক সহজলভ্য বলে জাপানের শিল্প উদ্যোক্তা ও কোম্পানিগুলো এখানে শিল্পকারখানা স্থাপন করতে আগ্রহী। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের বিরাজমান সম্পর্ক আরো জোরদার করতে অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশসহ বিভিন্ন খাতে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। মন্ত্রী আবুল কালাম আজাদ বাংলাদেশী রপ্তানি বাড়াতে জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, কারিগরি সহায়তা, জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সেতু স্থাপন, ব্যবসা ও বিনিয়োগের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম। এ সময় জাপান দূতাবাসের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান হিরোশি ওমুরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২৩০৮ঘ.