ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পাঁচ দিনের রিমান্ড আদেশ ঢাকার মুখ্য মহানগর হাকিমও স্থগিত করেছেন।
বুধবার সকালে ঢাকার হাকিম আদালত বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য এ মামলার তদন্ত কর্মকর্তাকে পাঁচ দিন সময় দিলেও পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
কারাফটকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বুধবার শেষ বিকেলে বাবরের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন স্বাক্ষরিত অ্যাডভোকেট সার্টিফিকেটের (প্রত্যয়নপত্র) মাধ্যমে মুখ্য মহানগর হাকিমকে আবেদন আকারে জানানো হয়।
হাকিম একে এম এনামুল হক আগামী ১ নভেম্বর এ আবেদনের শুনানি ও আদেশের দিন নির্ধারণ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় বাবরকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক।
জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত নষ্ট এবং গ্রেনেড সরবরাহে সম্পৃক্ততার বিষয়ে বাবরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
বাবরকে গত সোমবার ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
একটি অস্ত্র মামলায় গত ৫ মার্চ আত্মসমর্পণের পর বাবরকে কারাগারে পাঠায় আদালত। ওই মামলায় বিচারিক আদালতে তার ১৭ বছর কারাদণ্ডাদেশ হয়।
২১ আগস্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২৫৯ঘ.
bdnews24